ভেনেজুয়েলায় ভূমিকম্প: ফাস্টফুডের দোকান এখন অস্থায়ী হাসপাতাল

ভেনেজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপ আর বিপর্যয়ের মাঝেও দেখা দিয়েছে এক মানবিক দৃশ্য। ফাস্টফুড চেইন শপ ম্যাকডোনাল্ডস পরিণত হয়েছে অস্থায়ী হাসপাতালে। শুধু মানুষ নয় এখানে চিকিৎসা মিলছে পশুপাখিদেরও। আর এই পুরো কার্যক্রমে সহযোগিতা করছে ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষও। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, ভূমিকম্পের পর ম্যাকডোনাল্ডস এখন আর খাবারের জায়গা নয়, বরং একটি অস্থায়ী হাসপাতাল। লা গুয়াইরার কারাবালেদায় অবস্থিত এই রেস্তোরাঁটি ভূমিকম্পের পর দ্রুতই চিকিৎসা কেন্দ্রে রূপ নেয়। ডাক্তার, নার্স, প্যারামেডিক এবং স্বেচ্ছাসেবীরা শুরু করেন চিকিৎসা সেবা।

সেখানে এক চিকিৎসক বলেন, ‘এখানে আমরা সিজারিয়ান অপারেশন, হাড় ভাঙা, উচ্চ রক্তচাপ ও অপুষ্টির রোগী এসবসহ নানা ধরনের রোগীর চিকিৎসা করছি। এখানে নিজেদের ইচ্ছাতেই এসেছি, মানুষকে সাহায্য করার ইচ্ছা থেকে।’

রেস্তোরাঁর ভেতরেই একটি জায়গা করা হয়েছে যেখানে রোগীদের অবস্থা দেখে তাদের অগ্রাধিকার ঠিক করা হয়। প্রয়োজনীয় ওষুধ সরবরাহের জন্য স্থাপন করে হয়েছে একটি ফার্মেসিও। এছাড়া একটি দল কাজ করছে চিকিৎসা সরঞ্জাম মজুত ও সরবরাহের।

এখানে শুধু মানুষের চিকিৎসাই নয়, আহত পোষা প্রাণীদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। একদল পশুচিকিৎসক কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর যত্ন নিচ্ছে।

এই কাজে সহযোগিতা করছে ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ। বিদ্যুৎ, জায়গা এবং অন্যান্য সহায়তা দিয়ে তারা পাশে থেকেছে স্বেচ্ছাসেবকদের। সবমিলিয়ে এই অস্থায়ী হাসপাতাল এখন শুধু একটি রেস্তোরাঁ নয়, বরং বিপদের সময় একে অপরের পাশে দাঁড়িয়ে প্রতিটি জীবনকে বাঁচানোর জন্য নিরন্তর লড়াইয়ের উদাহরণ।