সৌদি আরব ও কুয়েতের কাছে প্রায় ২৪৪ কোটি ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সৌদির জন্য ১৯৬ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
চুক্তির আওতায় সৌদি আরবকে সর্বোচ্চ ২০ হাজার অ্যাডভান্সড প্রিসিশন কিল উইপন সিস্টেমের গাইডেন্স সেকশন দেওয়া হবে, যা আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূ-পৃষ্ঠে হামলায় ব্যবহার করা যায়। এছাড়া লঞ্চার, ওয়ারহেড, খুচরা যন্ত্রাংশ, প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তাও থাকবে এই প্যাকেজে।
অন্যদিকে, কুয়েতের জন্য প্রায় ৪৮ কোটি ৪০ লাখ ডলার মূল্যের সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করা হয়েছে। এতে কুয়েতের সি-১৭ সামরিক পরিবহন বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ, প্রযুক্তিগত সহায়তা, সফটওয়্যার, প্রশিক্ষণ ও লজিস্টিক সেবা অন্তর্ভুক্ত রয়েছে।
কংগ্রেসের পর্যালোচনা শেষে অস্ত্র বিক্রির এ দুটি চুক্তি কার্যকর হবে।’