হরমুজের পর তেল পরিবহনের আরেক পথ বন্ধে ইরানের প্রস্তুতি

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা চালায়, তাহলে লোহিত সাগরে তেল পরিবহনের পথ অবরুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে ইয়েমেনের হুথিদের নির্দেশ দিয়েছে ইরান। তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এই পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য নতুন বড় হুমকি তৈরি করতে পারে।

রয়টার্স বলছে, বিষয়টি নিয়ে ইরানের নেতাদের মধ্যে আলোচনা হয়েছে এবং ইয়েমেনে ইরানের মিত্র হুথিদের কাছে বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে। ইরানের দুটি জ্যেষ্ঠ সূত্র এবং বিষয়টি সম্পর্কে অবগত একটি আঞ্চলিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তারা জানান, তেহরানের অনুরোধ সম্পর্কে হুথিরা খুব সম্প্রতি জানতে পেরেছে, যা এর আগে প্রকাশ্যে জানা যায়নি।

রয়টার্সের সূত্রগুলো ব্যাখ্যা করেনি কীভাবে এই বার্তা পাঠানো হয়েছে বা এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলার হুমকির পর পাঠানো হয়েছিল কি না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হুথিদের একজন মুখপাত্র রয়টার্সের মন্তব্য চাওয়ার অনুরোধের তাৎক্ষণিক কোনো জবাব দেননি।