কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৩২

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। আহত ৪৮০ জনের বেশি।ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা থাকায় বাড়তে পারে হতাহত। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট। এদিকে, ভূমিকম্পের পর অন্তত ২১টি আফটারশক হয়েছে কলম্বিয়ায়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কলম্বিয়ার ক্যালি শহরে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে স্ত্রীকে খুঁজছেন আন্দ্রেস বুরবানো। ভয়াবহ এ দুর্যোগে ভাগ্যের জোরে প্রাণে রক্ষা পেয়েছেন তিনি ও সন্তান।

ক্যালি শহরের বাসিন্দা আন্দ্রেস বুরবানো বলেন, ‘আমার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমার স্ত্রী তখন ভেতরে ছিলেন। সৌভাগ্যবশত, আমার মেয়ে বের হতে পেরেছে। আমি নিজেও কাজে থাকায় বেঁচে যাই। কিন্তু এখনো আমরা আমার স্ত্রীকে উদ্ধার করতে পারিনি। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন, সেটাও জানি না।’

এমন অসংখ্য মানুষ নিখোঁজ স্বজনদের সন্ধান করছেন ধ্বংসস্তূপে। তাদের অনেকেই এখনো কাটিয়ে উঠতে পারেন নি ভূমিকম্পের ভয়াবতার ধাক্কা। 

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘কম্পন শুরু হলে প্রথমে শান্ত ছিলাম, ভেবেছিলাম থেমে যাবে। কিন্তু পরে বুঝলাম এর তীব্রতা অনেক বেশি। তাই আমরা নিরাপদ জায়গায় চলে আসি। আমার মনে হয়, আরও ৫ সেকেন্ড চললে কিছুই অবশিষ্ট থাকত না।’

ভূমিকম্পের পর ক্যালি শহরে মঙ্গলবার সকাল পর্যন্ত কারফিউ জারি করেন মেয়র। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। স্বেচ্ছাসেবকদের সহায়তায় নিখোঁজদের উদ্ধারে চলছে কাজ।

ফায়ার ফাইটার ও উদ্ধারকর্মী ড্যানিলো প্রাডা বলেন, ‘এখানে একটি ৪তলা ভবন পুরোপুরি ধসে পড়েছে। কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো অনেকের অবস্থান নিশ্চিত নয়। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ক্যালি ছাড়াও পশ্চিম কলম্বিয়ার পেরেইরা, কুইবদো ও মানিজালেসসহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেড় হাজারের বেশি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত, যার মধ্যে অর্ধশতাধিক পুরোপুরি ধসে গেছে। এছাড়া চিকিৎসাকেন্দ্র, অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান ও ৭টি বিমানবন্দরের অবকাঠামো ভেঙে পড়েছে।

দেশটির জন্য ১ কোটি ৫৫ লাখ ডলারের জরুরি সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। উদ্ধারকারী দল ও চিকিৎসা সহায়তায় পাশে আছে এল সালভাদর ও মেক্সিকো। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি চিলি, ফ্রান্স, ভেনেজুয়েলা ও ইকুয়েডরসহ বিভিন্ন দেশ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের দুমাস না পেরোতেই সোমবার প্রতিবেশি কলম্বিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।