ট্রাম্পের ‘গোপন বার্তা’ নিয়ে রাশিয়ায় সিআইএ প্রধান!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সংবেদনশীল এক গোপন অভিযানে তাঁর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফকে মস্কোয় পাঠিয়েছিলেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি এতোই গোপন ছিল যে ওয়াশিংটনের জ্যেষ্ঠ কর্মকর্তারাও এ বিষয়ে অন্ধকারে ছিলেন। 

মার্কিন কর্মকর্তারা জানান, র‍্যাটক্লিফ লাটভিয়া থেকে সি-১৭ সামরিক বিমানে চেপে রাশিয়ার রাজধানীতে যাত্রা করেন। ইউক্রেন–রাশিয়া যুদ্ধ অবসানে ট্রাম্প যখন নতুন কূটনৈতিক পথ খুঁজছেন, ঠিক তখন এমন অপ্রত্যাশিত খবর সামনে এল। 

ধারনা করা হচ্ছে, জ্যেষ্ঠ সহযোগীদের মাধ্যমে রাশিয়ার সঙ্গে আলোচনার চেষ্টাগুলো ব্যর্থ হওয়ার পর ট্রাম্প সিআইএ প্রধানের দিকে ঝুঁকেছেন। র‍্যাটক্লিফের সঙ্গে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে।

দুইজন ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন, র‍্যাটক্লিফ তাঁর রুশ বন্ধুদের মনে করিয়ে দিয়েছেন যে ওয়াশিংটন এখনো ন্যাটোর ‘অনুচ্ছেদ ৫’-এর পেছনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। 

মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা জানিয়েছেন, সিআইএ প্রধান তাঁর মস্কো সফরকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বন্ধের লক্ষ্যে স্থবির হওয়া আলোচনা পুনরুজ্জীবিত করার কাজেও ব্যবহার করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান কিরিলো বুদানভ বৃহস্পতিবার জানিয়েছেন, সেপ্টেম্বরের শুরুতেই ফের আলোচনা শুরু হতে পারে।