ইউক্রেনে এখন নতুন একজন নেতা দরকার বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন বলে বিবিসি জানিয়েছে।
রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ডিজেলসংক্রান্ত চুক্তির সম্প্রতি সমালোচনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই জবাবে ইউক্রেন নিয়ে কথা বলেন ট্রাম্প।
সম্প্রতি যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে জ্বালানি আমদানির ঘোষণা দিয়েছে। জেলেনস্কি সতর্ক করে বলেছেন, নতুন এই চুক্তির আওতায় রাশিয়ার লাখ লাখ টন ডিজেল যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হবে।
জেলেনস্কির মতে, এতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অর্থ পাবে। তিনি এই চুক্তিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য উপহার বলে মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, তার (জেলেনস্কি) উচিত এসব বন্ধ করা। ইউক্রেনের এমন একজন নতুন নেতা দরকার, যিনি চুক্তি করতে পারেন।
২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে সামরিক আইন জারি রয়েছে। এ কারণে দেশটিতে নির্বাচন স্থগিত আছে।
ট্রাম্প বলেন, আমরা বলেছিলাম, রাশিয়ার বিরুদ্ধে তোমরা যা খুশি করতে পারো, কিন্তু তেল শোধনাগারগুলোতে হামলা করো না। এতে বিশ্বজুড়ে সমস্যা তৈরি হয়।
তিনি বলেন, জেলেনস্কি অনেক চুক্তি করতে পারতেন। কিন্তু কোনো এক কারণে তিনি তা কখনোই করেন না।