চিলিতে অক্টোবরেও পাহাড়জুড়ে বরফের রাজত্ব। যে সময়ে বসন্তের উষ্ণতায় সাধারণত বন্ধ থাকে স্কি রিসোর্টগুলো, সেই সময়ও স্কি করছেন পর্যটকেরা। মৌসুমের শেষভাগে রেকর্ড পরিমান তুষারপাতের কারণে এক মাসেরও বেশি সময় ধরে চলছে স্কি কার্যক্রম। আবহাওয়াবিদদের মতে, এর পেছনে রয়েছে সাম্প্রতিক দশকগুলোর অন্যতম শক্তিশালী এল নিনো।
দক্ষিণ গোলার্ধে যখন বসন্তের আমেজ, চিলির পাহাড়ে তখনও শীতের উৎসব। রাজধানী সান্তিয়াগোর কাছে ভাল্যে নেভাদো স্কি রিসোর্টে বরফের ওপর স্লেজে চড়ছেন পর্যটকেরা। কেউ স্কি করছেন, কেউবা স্নোম্যানের সঙ্গে ছবি তুলে ধরে রাখছেন ব্যতিক্রমী এই সময়ের স্মৃতি।
ক্যাফে মালিক হুয়ান পাবলো গুয়েভেরা বলেন, ‘এটা অনেকটা ঐতিহাসিক ঘটনা। এই সময়ে এত বরফ নিয়ে রিসোর্ট খোলা থাকা অস্বাভাবিক। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এক মাসেরও বেশি সময় ধরে বরফ মৌসুম চলা সত্যিই বিরল।’
সাধারণত সেপ্টেম্বরেই শেষ হয় স্কি মৌসুম। কিন্তু এবার অক্টোবরের মাঝামাঝি এসেও বরফের ঘাটতি নেই। এতে খুশি পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরাও।
ট্যুর গাইড পাত্রিসিয়া আরেভালো বলেন, ‘আমরা খুবই খুশি, কারণ এবার বরফের মৌসুম দীর্ঘ হয়েছে। গত বছর ১৯ সেপ্টেম্বর ছিল আমাদের শেষ ভ্রমণ। এবার প্রায় আরও এক মাস বেশি সময় কাজ করতে পারছি, আর বরফও আছে প্রচুর।’
চিলির আবহাওয়াবিদদের মতে, সাম্প্রতিক দশকগুলোর অন্যতম শক্তিশালী এল নিনো মধ্য চিলিতে ভারী বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। শীতজুড়ে ও বসন্তের শুরুতে অব্যাহত বৃষ্টিপাতের কারণে আন্দিজের উঁচু এলাকায় বেড়েছে তুষার জমা, আর তাতেই দীর্ঘ হয়েছে স্কি মৌসুম।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার মিটার উঁচু পাহাড়ে স্বাভাবিক সময়ের চেয়ে দীর্ঘ এই তুষারপাত পর্যটন ও বিনোদনে বাড়তি মাত্রা যোগ করলেও আবহাওয়ার এমন ব্যতিক্রমী পরিস্থিতি ভবিষ্যতেও থাকবে কি না, তা অনিশ্চিত।