আমেরিকায় হ্যালোইনের ছুটিতে বিক্ষিপ্ত গোলাগুলি, নিহত ২৪ 

আমেরিকাজুড়ে হ্যালোইনের ছুটিতে পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯৪ জন। 

রোববার স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানায় নিউ ইয়র্ক টাইমস। 

টেক্সাসের ডালাসে ১ নভেম্বর ভোররাতে ৩টি পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়। আহত হয় ১৫ জন। 

এছাড়া ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত বিভিন্ন স্থানে গোলাগুলি হয়। নাইট ক্লাব, কস্টিউম বা পোশাকের দোকান, স্টেডিয়ামের বাইরে ও কলেজ ক্যাম্পাসের কাছাকাছি এলাকায় এসব সহিংসতা হয়। 

আমেরিকায় সাম্প্রতিক বছরগুলোতে ছুটির দিন ও সপ্তাহান্তের সহিংসতা অস্বাভাবিক মাত্রায় বেড়েছে। 

বিশেষজ্ঞরা বলছেন, হ্যালোইনের মতো উৎসবকে ঘিরে মদ্যপান ও মাদক গ্রহণ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতার ফলে যেকোন তুচ্ছ বিরোধই সহিংসতার কারণ হয়ে দাঁড়াচ্ছে।