ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনের পথে আমেরিকা!

এবারের মধ্যবর্তী নির্বাচন আমেরিকার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল হতে যাচ্ছে। নির্বাচনী প্রচারের বিজ্ঞাপনেই ব্যয় হতে পারে ১ হাজার ১৬০ কোটি ডলার। বিজ্ঞাপন ব্যয় পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান অ্যাড ইমপ্যাক্টের পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনসহ আগের সব নির্বাচনের রেকর্ড ছাড়িয়ে যাবে এবার।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনী প্রচারে ব্যয়ের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পথে। অ্যাড ইমপ্যাক্টের হিসাবে, ২৬ অক্টোবর পর্যন্ত নির্বাচনী বিজ্ঞাপন ও প্রচারে খরচ ১ হাজার ১২১ কোটি ডলার। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই ব্যয় ছিল ৩২০ কোটি ডলার। 

এবারের সবচেয়ে ব্যয়বহুল সিনেট লড়াই হচ্ছে টেক্সাস, ওহাইও ও মিশিগানে। এর মধ্যে শীর্ষে টেক্সাস। ডেমোক্র্যাট জেমস তালারিকো ও রিপাবলিকান কেন প্যাক্সটনের নির্বাচনী লড়াইয়ে ব্যয় হয়েছে ৫৩ কোটি ৪০ লাখ ডলার।

দ্বিতীয় অবস্থানে ওহাইও। ডেমোক্র্যাট শেরড ব্রাউন ও রিপাবলিকান জন হুস্টেডের লড়াইয়ে ব্যয় ৪৩ কোটি ৫০ লাখ ডলারের বেশি। অন্যদিকে, মিশিগানে ব্যয় ছাড়িয়েছে ৩৩ কোটি ৩০ লাখ ডলার। 

নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে বড় অঙ্কের অর্থায়ন করছেন কয়েকজন ধনকুবের। তালিকার শীর্ষে টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। রিপাবলিকানদের পক্ষে তার অনুদান ৪৪ কোটি ৬০ লাখ ডলার।

এছাড়া রিচার্ড ও এলিজাবেথ উহলেইন দিয়েছেন ১৫ কোটি এবং বিনিয়োগকারী জেফ ইয়াস ও তার স্ত্রী দিয়েছেন ১১ কোটি ডলার। 

অন্যদিকে, ডেমোক্র্যাটদের পক্ষে ধনকুবের জর্জ সোরোস দিয়েছেন ১০ কোটি ২০ লাখ ডলার। সাবেক নিউইয়র্ক মেয়র মাইক ব্লুমবার্গের প্রতিশ্রুত অর্থ ৮ কোটি ৪২ লাখ। 

তবে সব দাতাকে ছাড়িয়ে গেছেন ইলন মাস্ক। তার অনুদানের ১৫ কোটি ডলারের বেশি ব্যয় হয়েছে টেক্সাসে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের পক্ষে।

নির্বাচনী প্রচারে বড় ভূমিকা রাখছে রাজনৈতিক অ্যাকশন কমিটি বা প্যাকগুলোও। রিপাবলিকান-সমর্থিত ওয়ান নেশন ব্যয় করেছে ১৩ কোটি ৩০ লাখ ডলার। অন্যদিকে, ডেমোক্র্যাট-সমর্থিত মেজরিটি ফরোয়ার্ডের ব্যয় ১০ কোটি ২০ লাখ ডলার। 

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই এখন শুধু ভোটের মাঠেই সীমাবদ্ধ নেই। বিপুল অর্থের বিনিয়োগ, ধনকুবেরদের প্রভাব ও রাজনৈতিক সংগঠনগুলোর প্রচারযুদ্ধও এবারের নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।