যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ২৫ জন অভিবাসী পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় পৌঁছেছেন। দেশটির একটি সরকারি কমিশন শনিবার এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপের পর গত চার মাসে লাইবেরিয়ায় পৌঁছানো অভিবাসীদের মধ্যে এই ২৫ জন সর্বশেষ। খবর বার্তা সংস্থা এএফপির।
সম্প্রতি লাইবেরিয়া সরকার ঘোষণা দিয়েছে, আগামী এক বছরে দেশটি সর্বোচ্চ ১ হাজার ২০০ জন বিদেশি নাগরিককে আশ্রয় দেবে।
লাইবেরিয়ার প্রত্যাবাসন, পুনর্বাসন ও পুনঃএকত্রীকরণ কমিশনের (এলআরআরআরসি) এক প্রতিনিধি জানান, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৩৫ মিনিটে ২৫ জন অভিবাসী দেশটিতে পৌঁছান। তাদের মধ্যে দুজন নারী রয়েছেন।
তিনি আরও জানান, এই দলের অধিকাংশই দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক। তবে তাদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
লাইবেরিয়াও যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণে সম্মত হওয়া আফ্রিকার কয়েকটি দেশের তালিকায় রয়েছে। অন্য দেশগুলোর মধ্যে রয়েছে সিয়েরা লিওন, নিরক্ষীয় গিনি, ঘানা, রুয়ান্ডা, দক্ষিণ সুদান, ক্যামেরুন, এসওয়াতিনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআর কঙ্গো)।
প্রতিবেদন অনুযায়ী, এসব দেশের সঙ্গে করা চুক্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক সহায়তা অথবা পরিবহন ও অন্যান্য লজিস্টিক সুবিধা দেওয়ার বিষয় রয়েছে।
লাইবেরিয়া সরকার এর আগে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণে সম্মতি দেওয়ার বিনিময়ে তারা কোনো ধরনের ক্ষতিপূরণ দাবি করেনি বা আর্থিক পুরস্কারের প্রতিশ্রুতিও পায়নি।
তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস নথিপত্রের বরাত দিয়ে জানিয়েছে, অভিবাসীদের গ্রহণের বিষয়টি বিবেচনা করতে সম্মত হওয়ায় লাইবেরিয়াকে ৫০ লাখ ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের অনুমোদনের পর এ অর্থ দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।