ইরানে সম্ভাব্য নতুন মার্কিন হামলার প্রস্তুতিতে রাশিয়ার স্যাটেলাইট গোয়েন্দা সহায়তার অভিযোগ উঠেছে। রুশ সামরিক স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের মাধ্যমে আমেরিকার সামরিক তৎপরতা, সেনা মোতায়েন ও যোগাযোগের ওপর নজর রাখছে তেহরান, এমন দাবি গবেষকদের। তাদের মতে, এই সহায়তা ইরানকে শুধু আগাম সতর্কতাই নয়, পাল্টা হামলার প্রস্তুতিতেও বাড়তি সক্ষমতা দিচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক মতামতধর্মী প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়ছে যুদ্ধের আশঙ্কা। এরই মধ্যে ইরানের সামরিক প্রস্তুতিতে রাশিয়ার স্যাটেলাইট গোয়েন্দা সহায়তার বিষয়টি সামনে এসেছে।
৮ মাস রাশিয়ার কসমস-টুয়েন্টি সিক্স হান্ড্রেড সিরিজের সামরিক স্যাটেলাইটগুলোর গতিপথ পর্যবেক্ষণ করছেন প্রজেক্ট অরোরাহর গবেষকরা। তাদের দাবি, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও অবকাঠামোর ওপর নজরদারি বাড়াতে অন্তত ২০টি রুশ স্যাটেলাইটের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়েছে।
স্যাটেলাইটগুলোর নজরদারির আওতায় রয়েছে ইরান, ইসরায়েল, সিরিয়া, লেবানন, ইরাক ও সৌদি আরবসহ বিস্তীর্ণ অঞ্চল। রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিও। অবস্থান ও কক্ষপথের ওপর নির্ভর করে, এসব স্যাটেলাইট দিনে ৩ থেকে ৪ বার মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট এলাকাগুলোর ওপর দিয়ে যায়।
গবেষকদের দাবি, এসব স্যাটেলাইটের সামরিক স্থাপনার মানচিত্র তৈরি, রাডার পর্যবেক্ষণ ও রেডিও সংকেত শনাক্তের সক্ষমতা রয়েছে। ফলে মার্কিন যুদ্ধবিমান-নৌবহরের অবস্থান পরিবর্তন, সেনা মোতায়েন ও সামরিক যোগাযোগের তৎপরতার ওপরও নজর রাখা সম্ভব।
বিশ্লেষকদের ধারণা, রাশিয়া এসব গোয়েন্দা তথ্য ইরানের সঙ্গে ভাগ করে থাকলে সম্ভাব্য মার্কিন হামলার আগাম প্রস্তুতি নিতে সুবিধা পাবে তেহরান। এতে সামরিক ঘাঁটি ও সরঞ্জামের অবস্থান পরিবর্তন, সেনাদের সুরক্ষা এবং পাল্টা হামলার পরিকল্পনার জন্য বাড়তি সময় পেতে পারে ইরান।
অন্যদিকে, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও গোয়েন্দা তথ্য সরবরাহের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের কৌশলগত প্রভাব বাড়ানোর সুযোগ পাচ্ছে মস্কো। গোয়েন্দা সহায়তার ওপর নির্ভরশীলতায় তেহরানের ওপরও রাশিয়ার প্রভাব বাড়ছে।
এ পরিস্থিতি মার্কিন সামরিক পরিকল্পনাকে আরও জটিল করে তুলছে। কারণ, সেনা সমাবেশ থেকে যুদ্ধবিমান-নৌবহরের অবস্থান, সবকিছুই প্রতিপক্ষের নজরদারিতে আসার ঝুঁকি রয়েছে। ফলে আকস্মিক হামলার সুযোগ ধরে রাখা ও নিজেদের সেনাদের সম্ভাব্য পাল্টা আঘাত থেকে সুরক্ষিত রাখতে ওয়াশিংটনকে নতুন করে সামরিক কৌশল সাজাতে হতে পারে, বলছেন গবেষকরা।


