চার দিন ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে আলোচনায় বসতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। আগামীকাল সোমবার মালয়েশিয়ায় এ দু দেশের বৈঠক হবে। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদন বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের নেতাদের ফোন করে তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য চাপ দেন শনিবার। এর পরই যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত হন তার।
থাইল্যান্ডের পক্ষে রোববার জানানো হয়, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যোগ দেবেন আলোচনায়। একই সঙ্গে মালয়েশিয়া তাদের জানিয়েছে, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুম মানেটও এতে যোগ দেবেন।
গত ২৪ জুলাই সীমান্তে একটি বিতর্কিত অঞ্চল নিয়ে দু দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে এতে কমপক্ষে ৩৩ জন সেনা ও বেসামরিক লোক নিহত হয়েছে এবং হাজার হাজার থাই ও কম্বোডিয়ান নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প শনিবার বলেন, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ও ফুমথামের সঙ্গে কথা বলেছেন এবং তাদের হুঁশিয়ারি দিয়েছেন, যদি সংঘাত বন্ধ না হয়, তাহলে কোনো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হবে না। উভয় পক্ষই তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও শান্তি চেয়েছে।