ব্যাপক বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে নেপাল। দেশজুড়ে জেন-জিদের নেতৃত্বে চলা বিক্ষোভে ১৯ জন নিহতের পর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সরকার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
নেপালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এখন সবগুলো কাজ করছে।’ এ সময় আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।
গত শুক্রবার বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রবেশাধিকার বন্ধ করে দেয় নেপাল সরকার। কারণ হিসেবে জানানো হয়, দেশের নতুন নিয়ম অনুযায়ী এই প্ল্যাটফর্মগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভুয়া আইডি তৈরি করে বিদ্বেষ ছড়ানো, মিথ্যা খবর প্রচার, প্রতারণা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।
এর প্রতিক্রিয়ায় গতকাল সোমবার ব্যাপক বিক্ষোভ শুরু হয় দেশটিতে। পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা ঢুকে পড়ে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস, জলকামান ও গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সহিংস এ বিক্ষোভে এখন পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা ৪ শতাধিক।