ফিলিপাইনে টাইফুন কালমায়েগির তাণ্ডবে মৃত্যু বেড়ে ৫৮

ফিলিপাইনে টাইফুন কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা ৫৮ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে অনেকেই সেবু প্রদেশের বাসিন্দা। অঞ্চলটিতে বন্যার পানি কিছুটা নেমে এলেও, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ এখনও বন্ধ রয়েছে। রয়টার্স জানিয়েছে এসব খবর। 

পানিতে ডুবে ও ধসে পড়া ধ্বংসাবশেষের আঘাতে অধিকাংশ মানুষের প্রাণহানি হয়েছে বলে জানানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে আঘাত হানার পর কিছুটা দুর্বল হলেও এখনো ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে বাতাস বইছে। দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা এই ঘূর্ণিঝড়ে প্রবল বৃষ্টি ও ব্যাপক বন্যা দেখা দিয়েছে।

দুর্যোগের কারণে ১৮০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং সমুদ্রগামী জাহাজগুলোকে নিরাপদ বন্দরে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া সংস্থা আরও সতর্ক করে জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে তিন মিটারের বেশি উঁচু জলোচ্ছ্বাস হতে পারে।