মালয়েশিয়ায় কঠোর নিয়ম

বয়স ১৬-র কম? ২০২৬ থেকে তাদের জন্য বন্ধ হচ্ছে ফেসবুক-টিকটকসহ সব মাধ্যম

অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, ইতালি, ডেনমার্ক, গ্রিসের মতো বেশ কয়েকটি দেশের পথ অনুসরণ করে মালয়েশিয়ার সরকারও পরিকল্পনা করছে, আগামী বছর থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক-টিকটক-ইনস্টাগ্রামসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারের পথ বন্ধ করবে।

মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল গতকাল রোববার বলেছেন, অস্ট্রেলিয়াসহ অন্য দেশগুলো সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষেত্রে বয়সনির্দিষ্ট প্রতিবন্ধকতা কীভাবে কার্যকর করছে, সেটা গবেষণা করছে মালয়েশিয়ার সরকার। শিশু ও তরুণদের সাইবার নির্যাতন, আর্থিক প্রতারণা ও যৌন হেনস্তার হাত থেকে বাঁচাতে মালয়েশিয়ার সরকার ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে এই প্রতিবন্ধকতা তৈরি করতে যাচ্ছে বলে জানিয়েছেন ফাহমি ফাদজিল।

‘১৬ বছরের কম বয়সীদের একাউন্ট খোলার পথই বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, আশা করি আগামী বছরের মধ্যে সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলো সে সিদ্ধান্ত মেনে চলবে’ – মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারে প্রচারিত ভিডিওতে ফাহমি ফাদজিল সাংবাদিকদের এ কথা বলেছেন বলে জানাচ্ছে রয়টার্স।

শিশু ও তরুণদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব বিশ্বজুড়েই সাম্প্রতিক সময়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। টিকটক, স্ন্যাপচ্যাট, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো মাধ্যম সাম্প্রতিক সময়ে মানসিক স্বাস্থ্য সমস্যা তৈরিতে এসবের প্রভাবের কারণে যুক্তরাষ্ট্রে মামলার মুখে পড়েছে।

অস্ট্রেলিয়া এদিক থেকে আরেকটু এগিয়ে গেছে। আগামী মাস থেকে অস্ট্রেলিয়ায় সকল সামাজিক যোগাযোগের মাধ্যমে অনূর্ধ্ব-১৬ বছরের ব্যবহারকারীদের নিবন্ধিত সব একাউন্ট ডি-অ্যাকটিভেট করে দেওয়া হবে।

কিন্তু এ ক্ষেত্রে বয়স চুরিরও তো একটা শঙ্কা থেকে যায়। রয়টার্সের প্রতিবেদনে লেখা, ফ্রান্স, স্পেন, ইতালি, ডেনমার্ক ও গ্রিস একজোট হয়ে বয়সের সত্যতা যাচাই করার একটি যথাযথ অ্যাপ তৈরি করার কাজে নেমেছে।

গত জানুয়ারিতে মালয়েশিয়ার প্রতিবেশি দেশ ইন্দোনেশিয়াও জানিয়েছিল, তারা সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বয়স নির্দিষ্ট করার শর্ত জুড়ে দেওয়ার পরিকল্পনা করছে। কিন্তু পরে তারা অনেক নমনীয় একটি নিয়ম জারি করেছে, যেখানে ফেসবুক-ইনস্টাগ্রামের মতো সব প্ল্যাটফর্মকে নেতিবাচক কন্টেন্ট ফিল্টার করা এবং বয়সের সত্যতা যাচাইয়ের আরও শক্তিশালী পদ্ধতি চালু করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।  

সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে, বিশেষ করে শিশু ও তরুণদের ক্ষেত্রে, মালয়েশিয়ার সরকারের এই কঠোরতা নতুন কিছু নয়। সাম্প্রতিক বছরগুলোতে অনলাইন জুয়ার পাশাপাশি বর্ণ, জাতি, ধর্মবিষয়ক ক্ষতিকর কন্টেন্ট বেড়ে যাওয়ায় সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মে নজরদারি বাড়িয়েছে মালয়েশিয়া।