হংকংয়ে বহুতল ভবনে আগুনে প্রাণহানি বেড়ে ৮৩

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিসের ৮ কর্মীসহ আহত হয়েছেন ১২৩ জন। এখনো ৩০০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আটটি ভবনের মধ্যে চারটির আগুন নেভানো হয়েছে, নিয়ন্ত্রণে এসেছে বাকিগুলোর আগুন।

রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, হংকংয়ের উত্তরাঞ্চলে তাই পো জেলায় আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ আগুনে হতাহতের সংখ্যা বাড়ছে। এখনো নিখোঁজ কয়েকশো মানুষ। উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা।

অতিরিক্ত তাপ, ধসে পড়া মাচা এবং সংকীর্ণ জায়গার কারণে উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে। ওপরের তলায় অনেকেই আটকা পড়েছে বলে শঙ্কা ফায়ার সার্ভিস কর্মীদের।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক অং কা উইং বলেন, উদ্ধারকাজে গতি বাড়াতে আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট  ৯৮টি অ্যাম্বুলেন্স মোতায়েন করেছে।  বিভিন্ন হাসপাতালের সাথে যোগাযোগ রাখছি, যাতে দ্রুত উদ্ধার  ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করা যায়। কাউকে উদ্ধার বা প্রাণ বাঁচানোর যে কোনো সম্ভাবনা আমরা কখনোই ছাড়ব না।

এদিকে, মরদেহ শনাক্ত করতে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে আত্মীয়-স্বজনদের ভিড় দেখা গেছে। এছাড়া যারা বেঁচে ফিরেছেন, তারা উদ্বিগ্ন ভবিষ্যত নিয়ে।

বুধবার দুপুরের দিকে ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে আগুন লাগে। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পর কোনো ধরনের সতর্কতা দেয়া হয়নি। এমনকি ফায়ার অ্যালার্মও শোনেনি বলে দাবি তাদের।

তাই পো জেলার ঘনবসতিপূর্ণ এ কমপ্লেক্সটিতে আটটি ব্লকে ২ হাজার অ্যাপার্টমেন্ট রয়েছে, যেখানে ৪ হাজার ৬০০র বেশি মানুষের বাস। নির্মাণ প্রতিষ্ঠানের অনিরাপদ উপকরণ ব্যবহার করায় আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা হংকং পুলিশের।