শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করল ইরান

ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আইনজীবী খোসরো আলিকোরদির স্মরণসভা থেকে নার্গিসকে গ্রেপ্তার করা হয়।

খোসরো ইরানের একজন সুপরিচিত আইনজীবী, সম্প্রতি নিজের কার্যালয় থেকে যাঁর মরদেহ উদ্ধার করা হয়।

২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার জেতেন নার্গিস মোহাম্মদি। দুই দশকের বেশি সময় কারাগারে কাটিয়েছেন তিনি। নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড এবং গুজব ছড়ানোর অভিযোগে নার্গিসের মোট ৩১ বছর সাজা হয়েছে।

২০২৪ সালের নভেম্বরে ডান পায়ে অস্ত্রোপচারের পর, নার্গিসের সাজা ৩ সপ্তাহের জন্য স্থগিত করেছিল কর্তৃপক্ষ। এরপর ধারণা করা হচ্ছিল, নার্গিসকে দ্রুত কারাগারে ফিরতে হবে। তবে সেসময় তাঁকে আর কারাগারে যেতে হয়নি।