১১ আরোহীসহ নিখোঁজ ইন্দোনেশিয়ার মৎস নজরদারি বিমানটির সন্ধানে তল্লাশি চলছে এখনও। শনিবার দুপুরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটিআর ৪২-৫০০ বিমানের খোঁজ রোববার সকাল পর্যন্তও মেলেনি।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, প্রায় ৪০০ কর্মী তল্লাশি করছেন। তবে বৈরী আবহাওয়া কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় দেড়টার দিকে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের এই নজরদারি বিমানটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ ছিন্ন হয়ে যায়। বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় এটি দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস অঞ্চলের আশপাশে ছিল।
স্থানীয় উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা আনদি সুলতান, ইয়োগিয়াকার্তা প্রদেশ থেকে রওনা হওয়া বিমানটি দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারের দিকে যাচ্ছিল। এতে আটজন ক্রু ও তিনজন যাত্রী ছিলেন।
বিমানটি বুলুসারাং পর্বতের শিখরের কাছাকাছি কোথাও পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার সাগর ও মৎস মন্ত্রণালয় বিমানটি ভাড়া করেছিল।
ইন্দোনেশিয়ার সাগর ও মৎস মন্ত্রী সাকতি ওয়াহিউ ট্রেঙ্গোনো জানিয়েছেন, বিমানটিতে থাকা কর্মীরা সাগরে মাছ ধরার বিষয়টি জরদারি করছিলেন।