মিয়ানমারের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি অঞ্চলের এক গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চীন সীমান্তের কাছে শান রাজ্যের নামখাম টাউনশিপের কাওং তাত গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি সূত্র জানিয়েছে, ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ নিহত হয়েছেন।
প্রতিবেদন বলছে, রোববার বিস্ফোরণ ঘটার কিছুক্ষণ পরই গ্রামের ওপর দিয়ে ধোঁয়ার বিশাল মেঘ উড়তে দেখা যায়। নিহতের সংখ্যা কমবেশি হতে পারে।
এলাকাটি নিয়ন্ত্রণকারী এবং সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই চালিয়ে আসা তা'আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক বিস্ফোরিত হয়েছে।
টিএনএলএ-র এক বিবৃতির বরাতে সংবাদ সংস্থা এএফপি বলছে, এই দুর্ঘটনাজনিত বিস্ফোরণের ঘটনা ঘটেছে রোববার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে। এই বিস্ফোরণের কারণে বহু স্থানীয় গ্রামবাসী প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন এবং তাদের বাড়িঘরের ক্ষতি হয়েছে।
ঘটনাস্থলের ফুটেজে বিধ্বস্ত ভবন, ধ্বংসস্তূপের বিশাল গর্ত ও গাছ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।