নেপালে বন্যায় উদ্ধারকাজে ২ হাজার সেনা মোতায়েন

নেপালে ভয়াবহ ভূমিধ্বস ও বন্যায় আটকে পড়াদের উদ্ধারে দেশটির সেনাবাহিনীর ২ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে। বন্যা আক্রান্ত এলাকাগুলোতে স্থলাভিযানের পাশাপাশি আকাশপথেও তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা। বিবিসি'র লাইভ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে, রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই প্রাকৃতিক বিপর্যয়ে দেশটিতে ১৬২ জন প্রাণ হারিয়েছেন এবং নিখোঁজ আছেন ৪০৩ জন।

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজারাম বাসনেত বিবিসিকে জানিয়েছেন, রসুয়া ও নুওয়াকোট জেলাসহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সেনাসদস্যদের অধিক সংখ্যায় নিয়োজিত করা হয়েছে।

তিনি আরও জানান, নেপাল সেনাবাহিনী এখন পর্যন্ত বন্যায় আটকে পড়া ৯৭ জনকে উদ্ধার করেছে। এদের মধ্যে তিনজন ছিলেন ত্রিশূলী এ জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়া শ্রমিক।

উল্লেখ্য, সেনাবাহিনীর পাশাপাশি উদ্ধার ও তল্লাশি অভিযানে অংশ নিচ্ছে নেপাল পুলিশ এবং আর্মড পুলিশ ফোর্সের সদস্যরাও।