নেপালের পর এবার হিমবাহ ধসের সাক্ষী হলো ভুটান। বৃহস্পতিবার সন্ধ্যায় ভুটানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গাসা জেলার শিনতাফু হ্রদে হিমবাহের পানি উপচে দেখা দিয়েছে আকস্মিক বন্যা।
এতে ভেসে গেছে মো ছু নদীর তীরবর্তী জনপ্রিয় পর্যটনকেন্দ্রের প্রায় সব স্থাপনা। তবে আগেই এলাকাটি খালি করে ফেলায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করেছে ভুটান সরকার। এর প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে ভুটানের বন্যার পানি যে নদীপথ দিয়ে প্রবাহিত হচ্ছে, তা শেষ পর্যন্ত ব্রহ্মপুত্রের সঙ্গে মিশেছে। বাংলাদেশের ক্ষেত্রে এ বন্যার ঝুঁকি সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট সতর্কবার্তা পাওয়া যায়নি।
মো ছু নদীর উৎসস্থলে অবস্থিত শিনতাফু হ্রদকে ভুটানের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ১৭টি হিমবাহ হ্রদের একটি হিসেবে বিবেচনা করা হয়। সূত্র: রয়টার্স