টানা ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। শহরের ৫০ জেলায় জারি করা হয়েছে রেড এলার্ট। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল।
ব্যাংককের গভর্নর জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজধানীর পূর্বাঞ্চলীয় এলাকাগুলো। নিচু এলাকা ও খালপাড়ের বাসিন্দাদের প্রয়োজনীয় মালামাল এবং যানবাহন উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এরইমধ্যে দুর্গতদের জন্য খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র।
থাই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে।
ব্যাংককের বর্তমান পরিস্থিতি ২০১১ সালের ভয়াবহ বন্যার স্মৃতি ফিরিয়ে আনছে। ওই বছর থাইল্যান্ডে বন্যায় ৫০০ জনের বেশি মানুষ মারা যায়।



