চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে টানা বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সাথে বিভিন্ন এলাকায় স্কুল-কলেজ, সড়ক পরিবহন ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছেন। উদ্ধার কাজে এরইমধ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
চীনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টিজনিত দুর্যোগের উচ্চ ঝুঁকি রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে ১৫ কোটি ইউয়ান বরাদ্দ করা হয়েছে দুর্যোগ মোকাবিলায়।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর, দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগর থেকে আসা আর্দ্রতা একত্রিত হওয়ায় এক হাজার কিলোমিটারের বেশি এলাকায় এই ভারী বৃষ্টি হয়েছে।