ইউক্রেন যাওয়ার পথে মস্কো হামলার ৪ সন্দেহভাজন গ্রেপ্তার 

রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ হামলার ঘটনায় সন্দেহভাজন চার বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার চালানো এ হামলায় এ পর্যন্ত ১৩৩ জন নিহত ও ১৪০ জন আহত হয়েছেন। 

কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলার ঘটনায় মোট ১১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে চার বন্দুকধারীকে ইউক্রেন যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়। 

মস্কোতে ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গতকাল শনিবার আইএসের মেসেজিং অ্যাপ টেলিগ্রাম চ্যানেল আমাক–এ চার মুখোশধারী ব্যক্তির ছবি পোস্ট করে তাদের মস্কোর হামলাকারী হিসেবে দাবি করা হয়। এ নিয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। 

গত শুক্রবার রাতে সোভিয়েত আমলের ব্যান্ড দল পিকনিক-এর কনসার্ট দেখতে ক্রোকাস সিটি হলে সমবেত হয়েছিলেন হাজারো মানুষ। এ সময় মুখোশ পরা একদল বন্দুকধারী সেখানে হামলা চালায়।

এই হামলার ব্যাপারে পুতিন বলেন, ‘হামলাকারীরা ঠান্ডা মাথার। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই হামলা করেছে। তারা আমাদের জনতা ও শিশুদের গুলি করে মেরেছে।’ 

এই বক্তব্যে ইউক্রেনের নামটাও বলেন পুতিন। তিনি বলেন, ‘হামলাকারীরা লুকিয়ে ও পালিয়ে ইউক্রেনে চলে যেতে চেয়েছিল। আমাদের প্রাথমিক তথ্যমতে, সেখানে যাওয়ার পর তাদেরকে নিরাপদে পালিয়ে যাওয়ার সব পথ করা ছিল। তারা যে ই হোক না কেন, যারাই এই হামলায় নির্দেশনা দিক না কেন, আমি আবার বলছি, আমরা তাদের খুঁজে বের করব এবং প্রত্যেককে শাস্তির আওতায় আনব। যারা সন্ত্রাসীদের মদদ দিচ্ছে, তাদের শাস্তি দেওয়া হবে।’

এই হামলায় ইউক্রেনের যোগসূত্র রয়েছে বলে দাবি করেছেন রুশ জ্যেষ্ঠ আইনপ্রণেতা আন্দ্রেই কারতাপোলোভও। তিনি বলেন, ইউক্রেন জড়িত থাকার প্রমাণ পেলে এর কঠোর জবাব দিতে হবে রাশিয়াকে।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক জানিয়েছেন, শুক্রবার মস্কোর কনসার্ট হলে হামলার সঙ্গে কিয়েভের সম্পর্ক নেই। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি বলেন, হামলা সম্পর্কে সোজা কথা বলা যাক। এই ঘটনাগুলোতে ইউক্রেনের করার কিছুই ছিল না। আমরা রুশ সেনাবাহিনীর সাথে একটি সর্বাত্মক যুদ্ধ করছি।

সংশ্লিষ্ট খবর: