ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে মধ্যপন্থী বাইরুকে বেছে নিলেন মাখোঁ

ফ্রান্সে কয়েকদিনের রাজনৈতিক অচলাবস্থার পর অবশেষে নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আজ শুক্রবার তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ফ্রাঁসোয়া বাইরুকে মনোনীত করেছেন। বাইরু মধ্যপন্থী নেতা হিসেবে পরিচিত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

গত ৪ ডিসেম্বর পার্লামেন্টে ঐতিহাসিক অনাস্থা ভোটে পদচ্যুত হন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার, যা ফ্রান্সকে একটি নতুন সংকটের দিকে ঠেলে দেয়। একদিন পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মাখোঁ নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু ওই দিন তিনি নাম ঘোষণা করেননি। ফলে, মঙ্গলবার দলের নেতাদের বৈঠকে মাখোঁকে ৪৮ ঘণ্টায় বেঁধে দেওয়া হয়।

সেই সময়সীমাও গতকাল অতিক্রান্ত হওয়ার পর আজ শুক্রবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন মাখোঁ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রাঁসোয়া বাইরু মাখোঁর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তিনি দক্ষিণ-পশ্চিমের একজন মেয়র এবং মোডেম দলের শীর্ষ নেতা। প্রধানমন্ত্রী হিসেবে মোননীত করার আগে বাইরুর সঙ্গে প্রায় দুই ঘণ্টা একান্তে বৈঠক করেছেন ইমানুয়েল মাখোঁ।

দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে ইমানুয়েল মাখো এরই মধ্যে অর্ধেক সময় পার করে ফেলেছেন। আর এই সময়ের মধ্যে তিনজন প্রধানমন্ত্রী পেয়েছেন তিনি। বাইরু হতে যাচ্ছেন তাঁর চতুর্থ প্রধানমন্ত্রী। তাই সবার প্রত্যাশা, বাইরুর স্থায়িত্ব যেন দীর্ঘ হয়।

চলতি গ্রীষ্মে আগাম নির্বাচনের ঘোষণা দেন ইমানুয়েল মাখোঁ। এরপর থেকে ফ্রান্সের রাজনীতিতে অচলাবস্থা দেখা দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিএফএমটিভির এক জনমত জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ ফরাসি ভোটার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। চলমান পরিস্থিতিকে ‘করুণ দৃশ্য’ বলে অভিহিত করেছেন অতি-বামপন্থী ফ্রান্স আনবোড নেতা ম্যানুয়েল বোম্পার্ড।