বড়দিনে ইউক্রেনে রাশিয়ার হামলাকে ‘অমানবিক’ বললেন জেলেনস্কি

বড়দিনে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কঠোর সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় আজ বুধবার জেলেনস্কি বলেন, ‘বড়দিনে ইউক্রেনজুড়ে এ হামলা অমানবিক।’ 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়া পরিকল্পনা করেই বড়দিনকে হামলার জন্য বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘বড় ধরনের হামলার প্রস্তুতির জন্য রাশিয়া প্রতিবারই সময় নেয়। রাশিয়া জেনেবুঝে কেবল লক্ষ্যবস্তুই নয়, সময় ও তারিখও বেছে নিয়েছে।’

জেলেনস্কি আরও বলেন, ‘পুতিন ইচ্ছাকৃতভাবে আক্রমণের জন্য বড়দিনকে বেছে নিয়েছেন। এর চেয়ে অমানবিক আর কী হতে পারে? ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলা হয়েছে। রাশিয়ার লক্ষ্য আমাদের জ্বালানি খাত।’ 

প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউক্রেনের সেনারা ৫০টির বেশি ক্ষেপণাস্ত্র এবং উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে জানান জেলেনস্কি। হামলার কারণে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎবিভ্রাট হয়েছে। কর্মীরা যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কাজ করছে বলেও জানান তিনি।

জ্বালানি অবকাঠামোকে যতটা সম্ভব আগের অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘রাশিয়ার অশুভ শক্তি ইউক্রেনকে ভাঙতে পারবে না এবং বড়দিনের আনন্দ মাটি করতে পারবে না।’

যারা দেশের জন্য কাজ করছেন, যারা যুদ্ধে আছেন, যারা আকাশ রক্ষা করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট জেলেনস্কি।