ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপীয় শান্তিরক্ষীর বিষয়ে ফের আপত্তি রাশিয়ার

ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপীয় শান্তিরক্ষী মোতায়েনের বিষয়ে আবারও আপত্তি জানিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইউরোপীয় শান্তিরক্ষী মোতায়েন মস্কোর সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি বলে মন্তব্য করেছে ক্রেমলিন।

এদিকে, ইউক্রেনের ৮৩টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। দেশটির দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার অঞ্চলে মঙ্গলবার দিনগত রাতে কিয়েভ ড্রোন দিয়ে হামলা চালালে এসব প্রতিহত করা হয়ে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী মোতায়েনের বিষয়ে রুশ প্রেসিডেন্টের কোনো আপত্তি নেই। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, শান্তিরক্ষী ইস্যুতে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে। এর আগে গত সপ্তাহে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, শান্তিরক্ষীরা ভিন্ন পতাকার নিচে কাজ করলেও মস্কোর আপত্তি রয়েছে।

রাশিয়ার দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার অঞ্চলে রাতে কিয়েভ ড্রোন দিয়ে হামলা চালালে ৮৩টি ড্রোন প্রতিহত করা হয়ে বলে জানিয়েছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়।  এই হামলায় বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসময় ইউক্রেনের মোট ১২৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি কিয়েভ।

অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। একটি আবাসিক ভবনে এ হামলা চালায় রাশিয়া। এসময় ভবনটিতে আগুন ধরে যায়।