কিয়েভে হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি জেলেনস্কির

কিয়েভে রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে, প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিন জেলেনস্কি। তিনি বলেন, হামলায় নবজাতকসহ অন্তত ৪ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছে।

এদিকে, রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে আমেরিকা। আর এ লক্ষ্যে আমেরিকা ও ইউরোপকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। রুশ তেল কিনতে থাকা দেশগুলোর ওপর শুল্ক আরোপ করে চাপ সৃষ্টি করা গেলে মস্কোকে আলোচনায় বসতে বাধ্য করা সম্ভব হবে বলে জানান তিনি।

শনিবার রাতভর কিয়েভে ব্যাপক হামলা চালায় রাশিয়ার বাহিনী। এতে দেশটির প্রধান সরকারি ভবনে আগুন ধরে যায়। ২০২২ সালে মস্কোর সামরিক অভিযান শুরুর পর এই প্রথম ভবনটিতে হামলা হলো। হামলা হয়েছে কয়েকটি আবাসিক ভবনেও। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, দেশটিতে ৮০৫টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।

এর মধ্যে ৭৫০টি ড্রোন ও ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। অবশ্য, ইউক্রেনের সরকারি ভবনে হামলার কথা নাকচ করেছে রাশিয়া। কিয়েভ ছাড়াও হামলা হয়েছে ওডেসায়, সেখানে ৩ জন আহত হয়েছে। ইউক্রেনে রুশ হামলায় নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্য, ফ্রান্সসহ ইউরোপের নেতারা। রোববার রাশিয়ার ব্রায়ানস্কে একটি তেল পাইপলাইনে হামলার দাবি করেছে ইউক্রেন।