আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দিলেন পুতিন

ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিলে আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার এক ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় পুতিন জানান, তার দেশের অনেক গভীরে আঘাত হানার জন্য ইউক্রেনে নতুন অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে রয়েছে টমাহকের  মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। আমেরিকা এমন পদক্ষেপ নিলে মস্কোর সঙ্গে সম্পর্ক নষ্ট হবে।

এমনকি দুদেশের সম্পর্কের ইতিবাচক সম্ভাবনাও শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেন পুতিন।

গত মাসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মস্কোসহ রাশিয়ার অনেক ভেতরে আঘাত হানতে ইউক্রেন দীর্ঘ পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ করেছে। আর ওয়াশিংটন তা বিবেচনা করে দেখছে।

তবে এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তা জানা যায়নি।