গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাডুবিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, গত শনিবার নৌকার ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করে কোস্টগার্ড। পানিশূন্যতায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে উদ্ধারকারী দলের।
গ্রিসের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ইআরটি জানিয়েছে, নৌযানটির ভেতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। ক্রিট দ্বীপের ইয়েরাপেত্রা বন্দরের মেয়র মানোলিস ফ্রাঙ্গুলিস সাংবাদিকদের জানান, মৃতদের সবাই কম বয়সী ছিলেন।
ক্রিট দ্বীপ থেকে ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিলোমিটার) দক্ষিণ–পশ্চিমে নৌযানটি পাওয়া গেছে বলে জানিয়েছেন গ্রিসের কর্মকর্তারা। নৌকাডুবির কারণ জানতে তদন্ত চলছে। নৌকাটি আংশিক ক্ষতিগ্রস্ত থাকায় এর ভেতরে পানি ঢুকেছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সাম্প্রতিক বছরগুলোতে লিবিয়া হয়ে ইউরোপে পৌঁছাতে গ্রিসের ক্রিট দ্বীপে অভিবাসনপ্রত্যাশী ও আশ্রয়প্রার্থী বহনকারী নৌযান চলাচল বেড়েছে। অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে এসব নৌযান।