তুরস্কে পুলিশের অভিযানে সন্দেহভাজন ৬ আইএস সদস্য নিহত

তুরস্কে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে পুলিশের বড় ধরনের অভিযানে ৬ সন্দেহভাজন সদস্য নিহত হয়েছে। অভিযানের সময় বন্দুকযুদ্ধে পুলিশেরও ৩ সদস্য নিহত হয়েছেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোরে তুরস্কের ইয়ালোভা প্রদেশের এলমালিক গ্রামের একটি বাড়িতে বিশেষ অভিযান চালায় পুলিশ। আভিযানিক দলটি বাড়ির কাছাকাছি পৌঁছালে ভেতর থেকে সন্ত্রাসীরা অতর্কিতে গুলি ছুড়তে শুরু করে। এতে উভয় পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয় এবং ঘটনাস্থলেই ৬ আইএস সদস্য নিহত হন।

এই সংঘর্ষে পুলিশের ৩ সদস্য নিহত হওয়ার পাশাপাশি আরও ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে পাশের বুরসা প্রদেশ থেকে পুলিশের বিশেষ কমান্ডো বাহিনী পাঠানো হয়। বর্তমানে নিরাপত্তার স্বার্থে ওই এলাকার আশপাশে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, সোমবার দেশজুড়ে ১৩টি প্রদেশে একযোগে ১০৮টি স্থানে এই সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। তুরস্কের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এর আগে গত বৃহস্পতিবারও দেশটির ১২৪টি স্থানে অভিযান চালিয়ে ১১৫ জন আইএস সন্দেহভাজনকে আটক করেছিল তুরস্কের নিরাপত্তা বাহিনী। সাম্প্রতিক সময়ে তুরস্কে আইএসের সম্ভাব্য হামলার হুমকি বাড়ায় এই অভিযানগুলো জোরদার করা হয়েছে।