সাইবার অপরাধের তদন্তে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ফ্রান্সের অফিসে অভিযান চালিয়েছে পুলিশ। একই সঙ্গে প্ল্যাটফর্মটির মালিক এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে শুনানির জন্য তলব করেছেন দেশটির সরকারি আইনজীবীরা।
গত বছরের জানুয়ারিতে প্ল্যাটফর্মটির পক্ষপাতদুষ্ট অ্যালগরিদম এবং প্রতারণামূলক উপায়ে তথ্য সংগ্রহের অভিযোগ তদন্ত শুরু হয়।
পরে এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট গ্রোকের বিরুদ্ধে অভিযোগ আসায় তদন্তের পরিধি আরও বাড়ানো হয়। মঙ্গলবার সেই তদন্তের অংশ হিসেবেই প্যারিস কার্যালয়ে তল্লাশি চালানো হয়েছে।
আগামী ২০ এপ্রিল ইলন মাস্ককে স্বশরীরে হাজির হয়ে স্বেচ্ছামূলক সাক্ষাৎকারে অংশ নিতে বলা হয়েছে। মাস্ক ছাড়াও প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনোকেও তলব করা হয়েছে।