স্কুলের মধ্যে এলোপাতাড়ি গুলি, তুরস্কে নিহত অন্তত ৯

তুরস্কের একটি মাধ্যমিক স্কুলে এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন; তাঁদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা গুরুতর।

বুধবার তুরস্কের কাহরামানমারাস প্রদেশে এ ঘটনা ঘটে।

প্রদেশের গভর্নর মুকেরেম উনলুয়ের সাংবাদিকদের জানান, হামলাকারী ওই স্কুলেরই অষ্টম শ্রেণির একজন ছাত্র। গোলাগুলির ঘটনায় সে নিজেও মারা গেছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা চিফতি বলেন, ‘আহতদের মধ্যে ছয়জন বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’

ধারণা করা হচ্ছে, হামলাকারী ছাত্রটি তার সাবেক পুলিশ কর্মকর্তা বাবার বন্দুক ব্যবহার করে এ হামলা চালায়। সে তার ব্যাগে অস্ত্রটি লুকিয়ে স্কুলে এসেছিল এবং দুটি শ্রেণিকক্ষে ঢুকে ‘এলোপাথাড়ি’ গুলি চালায়।

তুরস্কে দুই দিনের ব্যবধানে স্কুলে এটি হামলার দ্বিতীয় ঘটনা। গত মঙ্গলবারও সানলিউরফা প্রদেশের একটি হাইস্কুলে এক সাবেক ছাত্রের গুলিতে ১৬ জন আহত হয়।