ইরান যুদ্ধের প্রভাবে রাশিয়ার তেল রপ্তানির আয় একমাসে প্রায় দ্বিগুণ হয়েছে। মার্চ মাসে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে রাশিয়ার তেল রপ্তানি। বৈশ্বিক জ্বালানি সংকট এড়াতে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় বাড়তি সুবিধা পাচ্ছে রাশিয়া। এদিকে, হরমুজ প্রণালির পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বিশ্ববাজারে অস্থিরতা আরও বাড়ার শঙ্কা সংশ্লিষ্টদের।
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের জেরে জ্বালানি বাজারে চলছে তীব্র অস্থিরতা। হরমুজ প্রণালি দিয়ে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহে বিঘ্ন, মূল্যবৃদ্ধি এবং কূটনৈতিক চাপের জ্বালানির দাম বাড়ার পাশাপাশি বেড়েছে রাশিয়ার তেলের ওপর নির্ভরতা।
মার্চ মাসে রাশিয়ার তেল রপ্তানির আয় বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। ফেব্রুয়ারিতে থেকে মার্চে অপরিশোধিত তেলের রপ্তানি ২ লাখ ৭০ হাজার ব্যারেল বেড়ে ৪৬ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। আর আয় হয়েছে ১৯০০ কোটি ডলার, যা আগের মাসে ছিলো মাত্র ৯৭৫ কোটি ডলার।
তবে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ সতর্ক করে বলছে, এই আয় উর্ধ্বমুখী হলেও রাশিয়ার জ্বালানি খাতের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা রয়েছে। ইউক্রেনের হামলায় রাশিয়ার বাল্টিক ও কৃষ্ণসাগরীয় বন্দর এবং তেল শোধনাগারগুলো বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে মস্কোর পক্ষে উৎপাদন বাড়ানো কঠিন হতে পারে।
কিছুদিন আগেও কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়াকে কম দামে তেল বিক্রি করতে হতো। কিন্তু ইরানে যুদ্ধ শুরুর পর নিষেধাজ্ঞায় ছাড় দিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। ছাড়ের সুযোগে বাজারের কাছাকাছি দামে জ্বালানি তেল বিক্রি করতে পারছে মস্কো।
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে তেলের ব্যারেলে ১০০ ডলার আশেপাশে উঠানামা করছে। এর বিরূপ প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। মে মাসের মধ্যে হরমুজ প্রণালি চালু না হলে ব্যাপক সংকটের শঙ্কা আইইএ-র।