রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রসজ্জিত উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতির অভিযোগ তুলেছে ইউরোপ। জার্মানিতে প্রকাশিত এক প্রতিবেদনে অভিযোগটি ওঠার পর সেটি অস্বীকার করেছে ক্রেমলিন।
বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তিনি প্রতিবেদনটি দেখেননি। তবে ‘অজ্ঞাত সূত্রের’ বরাত দিয়ে প্রচারিত খবর 'গুরুত্ব সহকারে নেওয়ার মতো নয়' বলে মন্তব্য করেছেন তিনি।
বার্লিনে অবস্থিত রুশ দূতাবাস জার্মান গণমাধ্যমকে জানিয়েছে, তারা তথাকথিত ‘ভিত্তিহীন অভিযোগ’ প্রত্যাখ্যান করেছেন। প্রতিবেদনটি রাশিয়ার বিরুদ্ধে চালানো ‘অপপ্রচারে’র অংশ বলেও মন্তব্য করেছেন রুশ কর্মকর্তারা।।
এদিকে, নেটো প্রধান মার্ক রুটে বলেছেন, তারা মহাকাশে যেকোনো হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস বলেছেন, এই ধরনের প্রতিবেদন ‘নতুন নয়, তবুও তা কম মর্মান্তিক নয়’, এবং একজন সরকারি মুখপাত্র বলেছেন যে প্রতিবেদনগুলোকে ‘অত্যন্ত গুরুত্ব সহকারে’ নেওয়া হচ্ছে।


