যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে চীন ও রাশিয়া

যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে চীন ও রাশিয়া। চীনের পূর্ব উপকূলের কিংদাও শহরের কাছে ইয়েলো সাগরে ৬ থেকে ১৩ জুলাই পর্যন্ত এই মহড়া চলবে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জয়েন্ট সি-২০২৬ নামে এই মহড়ায় ২ দেশের নৌবাহিনী সমুদ্র ও আকাশপথে যৌথ অভিযান চালাবে। মহড়া শেষে প্রশান্ত মহাসাগর এলাকায় যৌথ টহলও দেওয়া হবে।

চীন জানিয়েছে, এই মহড়ার উদ্দেশ্য যৌথভাবে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। চীনের নর্দান থিয়েটার কমান্ডের তথ্যমতে, মহড়ায় ২টি ডেস্ট্রয়ার, ১টি করে ফ্রিগেট, সাবমেরিন, রসদবাহী ও উদ্ধারকারী জাহাজ অংশ নিচ্ছে। 

এদিকে এরই মধ্যে সব যুদ্ধজাহাজ কিংদাও বন্দরে পৌঁছেছে। রাশিয়ার পক্ষে থাকছে একটি করে ক্রুজার, করভেট, ডিজেলচালিত সাবমেরিন ও উদ্ধারকারী জাহাজ।