ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহে বাড়ছে প্রাণহানি

ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর সংখ্যা। জার্মানিতে চলতি বছরে এখন পর্যন্ত তীব্র গরমে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট। রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইনস্টিটিউটের হিসাবমতে, জার্মানিতে চলতি বছরের তাপজনিত মৃত্যুর সংখ্যা ৫ হাজার ১২০। এর মধ্যে প্রায় ৪ হাজার ২৭০ জনই ৭৫ বছরের বেশি বয়সী।

ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, পশ্চিম ইউরোপে জুন মাসের গড় তাপমাত্রা ছিল ২০ দশমিক ৭৪ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৯১ থেকে ২০২০ সালের গড়ের তুলনায় ৩ ডিগ্রিরও বেশি।

এদিকে জুনের তাপপ্রবাহে ফ্রান্স, বেলজিয়াম, স্পেন ও নেদারল্যান্ডসে ৪ হাজার ৭০০-এর বেশি মারা যান। একই সময়ে তীব্র গরমে আইবেরীয় উপদ্বীপ ও ফ্রান্সে দাবানল ছড়িয়ে পড়ে এবং খরা পরিস্থিতিও আরও তীব্র হয়।