ফ্রান্স, যুক্তরাজ্যসহ আটটি দেশ ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ২০২৭ সালের প্রথম তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে।
আজ শনিবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, লুক্সেমবার্গ, নরওয়ে, পোল্যান্ড ও যুক্তরাজ্য এ আহ্বান জানায়। খবর আল জাজিরার।
বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের গণতান্ত্রিক নবায়ন এবং দ্বি-রাষ্ট্র সমাধান টিকিয়ে রাখতে অবাধ ও স্বচ্ছ নির্বাচন জরুরি।
এর আগে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আইনসভার নির্বাচন পিছিয়ে ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর নির্ধারণ করেন। একই দিনে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের ঘোষণাও দেন তিনি।
২০০৬ সালের পর ফিলিস্তিনে আর কোনো সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ৯০ বছর বয়সী মাহমুদ আব্বাস ২০০৫ সালে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচিত হন।


