মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউটায় নতুন করে অভিবাসীদের ঢল নেমেছে। স্পেনের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার মরক্কোর ফনিদেক উপকূল থেকে কয়েক শ অভিবাসী একযোগে সাগর পাড়ি দিয়ে সিউটায় প্রবেশ করেন।
এ ছাড়া গত ১০ দিনে দুই থেকে তিন হাজার মানুষ সাগরপথে সাঁতরে কিংবা সীমান্তের বেড়া টপকে স্পেনে প্রবেশ করেছেন।
সিউটার আঞ্চলিক সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা পাঠানোর আহ্বান জানালেও স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি অবস্থা জারির দাবি নাকচ করেছে।
এদিকে অভিবাসী অধিকারকর্মীদের মতে, ২০২১ সালের পর এটিই সবচেয়ে বড় সীমান্ত অতিক্রমের ঘটনা। তাঁদের দাবি, স্পেনের সুপ্রিম কোর্ট সম্প্রতি সাগরে আটক অভিবাসীদের মরক্কোয় ফেরত পাঠানো যাবে না মর্মে রায় দেওয়ার পর থেকেই এ প্রবণতা বেড়েছে।