ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য বাঁচলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইউক্রেনের ইয়াহোদিনে একটি ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার কিছুক্ষণ আগেই যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ওই পথ দিয়ে গিয়েছিলেন। কিয়েভে একটি সম্মেলন থেকে ফিরছিলেন তারা।

ট্রেনটির ইঞ্জিনে জেট-চালিত ড্রোন আঘাত হানলেও হতাহতের খবর পাওয়া যায়নি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রীদের আগে থেকেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

রাশিয়ার দাবি, পশ্চিম ইউক্রেনের রেল অবকাঠামোয় আঘাত হেনেছে তারা। তবে কিয়েভের অভিযোগ, মস্কোর হামলার লক্ষ্যবস্তু ছিল কূটনৈতিক যাত্রী বহনকারী ট্রেনটি।

মস্কোর হামলার ক্রমাগত হুমকির কারণে নির্ধারিত সময়ের আগেই ওই ট্রেনটি স্টেশন ছেড়ে গিয়েছিল বলেও জানায় জেলেনস্কি প্রশাসন।