ইউক্রেনে এই শীতে বাড়ছে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি। দেশটির জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার হামলা জোরদার হওয়ায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। বিশেষজ্ঞদের আশঙ্কা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকলে পারমাণবিক কেন্দ্রগুলোর রিঅ্যাক্টর ঠান্ডা রাখা কঠিন হয়ে পড়বে, যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র, সঞ্চালন লাইন ও সাবস্টেশন লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। দীর্ঘদিনের যুদ্ধের কারণে আগে থেকেই দুর্বল দেশটির জ্বালানি ব্যবস্থা এখন আরও চাপে।
ইউরোপের পারমাণবিক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে পারমাণবিক কেন্দ্রগুলোর শীতলীকরণ ব্যবস্থা সচল রাখা কঠিন হবে। কারণ, রিঅ্যাক্টর ঠান্ডা রাখতে বাইরের উৎস থেকে বিদ্যুৎ প্রয়োজন।
এইচইআরসিএ’এর পরিচালক পার স্ট্র্যান্ড বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো নিজেরা বিদ্যুৎ উৎপাদন করলেও রিঅ্যাক্টর ঠান্ডা রাখতে বাইরের উৎস থেকে বিদ্যুৎ প্রয়োজন। এই সরবরাহ ব্যাহত হলে রিঅ্যাক্টর অতিরিক্ত উত্তপ্ত হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। এতে বায়ুমণ্ডলে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, ‘এমন দুর্ঘটনার প্রভাব ইউক্রেনের সীমানা ছাড়িয়ে ইউরোপের অন্যান্য দেশেও পড়তে পারে। তাই জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন তারা।’
পার স্ট্র্যান্ড আরও বলেন, ‘রাশিয়ার হামলার কারণে ইউক্রেনে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে ইউক্রেন। তবে আবহাওয়ার ওপর নির্ভর করে ইউরোপের আরও অনেক দেশও এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।’
ইউক্রেনে ৪টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩টি বর্তমানে চালু। অন্যদিকে, ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরঝিয়া রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। যুদ্ধের সম্মুখসারির কাছাকাছি অবস্থানের কারণে কেন্দ্রটি ঘিরেও রয়েছে নিরাপত্তা উদ্বেগ।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ও পারমাণবিক নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে তাই জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।


