ইউক্রেনে রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১৪

ইউক্রেনের দিনিপ্রো শহরের প্রধান রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। শিশুসহ আহত হয়েছে আরও ১৪ জন। বৃহস্পতিবার ব্যস্ত রেল প্ল্যাটফর্মে এ হামলা হয় বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। 

হামলার সময় জাপোরিঝঝিয়া শহরের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল একটি যাত্রীবাহী ট্রেন। 

ইউক্রেনের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, জেটচালিত একটি ড্রোন প্ল্যাটফর্মে আঘাত হানে। 

এছাড়া দিনিপ্রোর পাশাপাশি ইউক্রেনের আরও দুই শহরে রুশ হামলায় প্রাণ গেছে ৫ জনের। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব হামলার পর রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জি-সেভেনভুক্ত দেশগুলোর নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন।  

এদিকে, খেরসন অঞ্চলের অলেশকি এলাকায় স্থানীয় যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের আলোচনার খবরের মধ্যেই নতুন এ হামলা ঘটল।