রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনে নিহত ৩৮

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় একদিনে অন্তত ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ। 

সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে জাপোরঝিয়ায়। সেখানে ত্রাণ বিতরণকেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুল ভবনে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। 

ধ্বংসস্তূপের নিচে অর্ধশতাধিক মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। 

এছাড়া দিনিপ্রোতে একটি হাসপাতালে হামলায় গুরুতর অসুস্থ রোগীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। খারকিভের একটি হাসপাতালেও হামলায় আহত হয়েছে ৭৩ জন, যাদের অধিকাংশই বয়স্ক রোগী। 

এদিকে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আরও হামলা চালিয়েছে মস্কো। এতে অন্তত ৯টি অঞ্চলে বিদ্যুৎ, পানির সরবরাহ ব্যাহত হয়েছে। কিয়েভে বন্ধ রাখা হয়েছে পুরো মেট্রো পরিষেবা।