ইউরোপে তীব্র জনঅসন্তোষ, ২৫ দেশে বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ নানা ইস্যুতে ইউরোপের অন্তত ২৫ দেশে বিক্ষোভ হয়েছে। সামরিক খাতে ব্যয় বৃদ্ধি এবং জলবায়ু সংকটের মতো বিভিন্ন বিষয়ে জনমনে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভে অনুপ্রাণিত হয়ে শুক্রবার যুক্তরাজ্য, অস্ট্রিয়া, জার্মানি, স্পেন, ইতালি, সুইডেন ও ক্রোয়েশিয়াসহ বিভিন্ন দেশের হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। 

ইতালির অন্তত ১শ শহরে হাজারো শ্রমিক-শিক্ষার্থী উচ্চ মজুরি এবং সরকারি পরিষেবায় অধিক বিনিয়োগের দাবিতে বিক্ষোভ করেছে। 

এদিকে, জার্মানির বার্লিনে শিক্ষাখাতে ব্যয় বাড়ানোর দাবিতে বিক্ষোভে অংশ নেয় প্রায় ৪ হাজার মানুষ। 

এছাড়া, সামরিক খাতে ব্যয় কমানোর দাবিতে অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ করেছে কয়েকশ তরুণ।