নীতা আম্বানির গয়নায় সম্রাট শাহজাহানের হীরা, দাম কত

ভারতের গুজরাটের জামনগরে সম্প্রতি তারকাদের হাট বসেছিল। মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও তাঁর হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের প্রি–ওয়েডিং সেলিব্রেশনে অংশ নিতে একত্রিত হয়েছিলেন তাঁরা। নীতাকে দেখা যায় দারুণ লুকে। এবার এক সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি যা পরে এলেন, দেখে তাজ্জব বনে যাওয়ার মতো।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও বলছে, সম্প্রতি মুম্বাইয়ের জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডে দেখা গিয়েছিল নীতাকে। কালো রঙের বেনারসিতে জংলা মিনাকারি কাজ করা শাড়ি পরে পুরস্কারের মঞ্চ আলো করে রেখেছিলেন তিনি। 

তবে, যে জিনিসটি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে, তা হলো নীতার হাতের বাজুবন্ধ। 

সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, নীতা আম্বানির ডান বাহুতে যে গয়নাটি ছিল, তা আসলে পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের পাগড়ি বা মুকুটে থাকা ‘কলগি’। সোনা দিয়ে বাঁধানো ১৩.৭ সেন্টিমিটার লম্বা এবং ১৯.৮ সেন্টিমিটার চওড়া কলগিটিতে রয়েছে হিরা, চুনি ও স্পাইনেলের কাজ। 

সংবাদমাধ্যম টাইমস নাও বলছে, এর দাম ২০০ কোটি রুপি। ওই অনুষ্ঠানে নীতা আম্বানিকে বিউটি উইথ পারপাস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়। 

কিছুদিন আগে অনন্তের প্রাক্-বিবাহ অনুষ্ঠানে নীতার হাতে দেখা গিয়েছিল মুঘল আমলের আরও একটি গয়না। ‘মিরর অফ প্যারাডাইজ়’ নামক হিরার আংটি। গোলকোন্ডার হিরা পৃথিবী বিখ্যাত। বিখ্যাত কোহিনূরের মতোই এই হিরার আংটি মুঘল আমলের সাক্ষ্য বহন করছে।