ভোটের মাঝেই কংগ্রেসে বড় ধাক্কা, পদত্যাগ করলেন দিল্লি প্রধান 

লোকসভা নির্বাচনের মাঝেই বড় ধাক্কা খেল ভারতের প্রধানবিরোধী দল কংগ্রেস। আজ রোববার দলটির দিল্লি ইউনিটের সভাপতির পদ ছাড়লেন অরবিন্দর সিং লাভলি। দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট বাধার কারণেই ক্ষোভে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে লেখা চিঠিতে অরবিন্দর লিখেছেন, যে দল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ এনে তৈরি হয়েছে, তাদের সঙ্গে জোটের সম্পূর্ণ বিরোধী ছিল দিল্লি কংগ্রেস ইউনিট। এরপরও দল সিদ্ধান্ত নেয় দিল্লিতে আপের সঙ্গে জোট বাধার।

কংগ্রেস নেতার আরও অভিযোগ, তাঁকে কাজে বাধা দেওয়া হয়েছে। দিল্লির কংগ্রেস প্রধান হিসাবে তাঁর নেওয়া একাধিক সিদ্ধান্ত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাতিল বা খারিজ করে দিতেন। কংগ্রেসের দিল্লি ইউনিটে কাউকে নিয়োগ করতেও দেওয়া হয়নি।

গত বছরের আগস্টে অরবিন্দর সিং লাভলিকে দিল্লি কংগ্রেসের সভাপতি হিসাবে নিয়োগ করা হয়েছিল। দিল্লিতে মোট ৭টি লোকসভা কেন্দ্র রয়েছে। কংগ্রেস ও আম আদমি পার্টি প্রথমে ৭টি আসনে একাই লড়াই করার কথা বললেও শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটের স্বার্থে দল দুটি ভাগাভাগির ফর্মূলায় রাজি হয়। রাজ্যটিতে , আম আদমি পার্টি লড়ছে ৪টি আসনে এবং কংগ্রেস লড়ছে ৩টি আসনে।