নিজেই বুলডোজার চালিয়ে ময়লা সাফ করছেন মন্ত্রী!

ঘূর্ণিঝড় রিমালের পর টানা বৃষ্টি। মণিপুরের রাজধানী ইম্ফালের নামবুল নদীর পানি হুট করেই বেড়ে যায়। এতে গত ৩০ মে আশপাশের কিছু এলাকা প্লাবিত হয়। বিপাকে পড়েন স্থানীয়রা। এ অবস্থা থেকে উত্তরণে এরই মধ্যে নদীর আবর্জনা সরাতে শুরু করেছে প্রশাসন। এতে এক মন্ত্রীকে দেখা গেল, নিজেই বুলডোজার চালিয়ে ময়লা সাফ করছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মের শুরুতে ভয়াবহ ঝড়ে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ইম্ফালে। এখনো সেগুলো ঠিক করা হয়নি। এর আগে কুকি-মেইতি সংঘাতে ক্ষতি হয় অনেক। এবার রিমালের পর ঘর ছাড়া অনেকে। তাদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে প্রশাসন।  

এবার সেনাবাহিনী, আসাম রাইফেলস ও জাতীয় দুর্যোগ বিষয়ক বাহিনী এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ, অনেক ছোট প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোগে নদী পরিষ্কার করে পানি যাওয়ার পথ করে দেওয়া হচ্ছে। এ সময় বিজেপির দুজন এমএলএ নেমে পড়েন সেই আবর্জনায়। পরিষ্কার করেন জায়গা।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় অনেকে যোগ দিয়েছেন এই কাজে। এ ছাড়া পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিষয়ক মন্ত্রী লেইশানথেম সুসিন্দ্র নিজেই নেমে পড়েন। গিয়ে বসেছেন বুলডোজারের চালকের আসনে।  

বিভিন্ন ময়লা জমার কারণে নদীতে পানি সরছিল না। সে কারণে এই কাজে নেমে পড়েন সবাই।