কংগ্রেসের রাহুলের কাছে বিজেপি প্রার্থীর হার স্বীকার

ভারতের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর কাছে হার স্বীকার করেছেন রায়বারেলি আসনে বিজেপির প্রার্থী দিনেশ প্রতাপ সিং। আসনটিতে এখনও ভোট গণনা চলছে।  

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে দিনেশ প্রতাপ সিং হার স্বীকার করে বার্তা দেন। তিনি জনসাধারণের কাছে ক্ষমা চেয়ে লিখেছেন, ‘সিদ্ধান্ত আমাদের হাতে ছিল না।’ তিনি আরও উল্লেখ করেছেন, কংগ্রেসের দূর্গে জয় ছিনিয়ে আনতে দলের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন।   

নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুযায়ী, রাহুল গান্ধী আসনটিতে ৩ লাখ ৬০ হাজার ৯১৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে বিজেপির প্রার্থী দিনেশ এখন পর্যন্ত পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৮৭০ ভোট। 

ফেসবুকের পোষ্টে দিনেশ বলেছেন, ‘আমি সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে রায়বারেলির জনগনের সেবা করেছি। নিজের অজান্তে যদি কোন ভুল করে থাকি বা আমার চিন্তা, কথা ও কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে ক্ষমা চাইছি।’ 

দিনেশ আরও লিখেছেন, ‘দলের সব সদস্য এবং শুভাকাঙ্খীদের কাছে আমি কৃতজ্ঞ। নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করেছেন কিন্তু সিদ্ধান্ত শেষ পর্যন্ত আমাদের হাতে ছিল না। জনগণ ইশ্বরের প্রতিরূপ। তারা সেই সিদ্ধান্ত দেবেন আমরা সেটাই শ্রদ্ধার সঙ্গে মেনে নেব।’ 

একই সঙ্গে রায়বারেলি জনগণের প্রতি নিজের সমর্থন সব সময় থাকবে বলেও লিখেছেন বিজেপির প্রার্থী। 

লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপে গত ২০ মে রায়বারেলিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৪ থেকে ২০২৪ পর্যন্ত আসনটিতে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন সোনিয়া গান্ধী। আসনটি গান্ধী–নেহেরু পরিবারের সদস্যদের ঘাঁটি হিসেবে পরিচিত। 
 
এর আগেও এই আসনটি থেকে সঞ্জয় গান্ধী ও রাজিব গান্ধী নির্বাচিত হয়েছিলেন।