একটা সময় বিয়ের অনুষ্ঠান ছিল আধা দিনের ব্যাপার। এখন তা তিন–চার দিন পর্যন্ত গড়িয়েছে। ভালো হোক বা খারাপ হোক, বিয়ের বৈশ্বিক সংস্কৃতিতে এটি এখন খুব সাধারণ একটি ব্যাপার। তবে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষে গত সাত মাস ধরে যেসব অনুষ্ঠান চলছে, তা ভারতীয় বিয়ের সংস্কৃতিতে সম্ভবত ‘ইতিহাস’ হয়ে থাকবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। বহুল আলোচিত এই বিয়ের উৎসব শুরু হয়েছিল আজ থেকে সাত মাস আগে।
ডিসেম্বর: এনগেজমেন্ট
গত বছরের ২৯ ডিসম্বের ভারতের উত্তর রাজস্থানের একটি মন্দিরে অনন্ত ও রাধিকার এনগেজমেন্ট অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে পরিবারের লোকজন ও গুটি কয়েক ঘনিষ্ঠ বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।
চলতি বছরের ১৮ জানুয়ারি ঐতিহ্যবাহী ‘মেহেন্দী’ উৎসবের মধ্য দিয়ে শুরু হয়েছিল অনন্ত–রাধিকার এনগেজমেন্ট পার্টি। পরদিন ছিল ‘গোল ধানা’ উৎসব। অনন্ত–রাধিকার এনগেজমেন্ট পার্টিতে উপস্থিত ছিলেন ভারতীয় চলচ্চিত্র তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংসহ আরও অনেকে।
গুজরাটের পশ্চিমাঞ্চলীয় শহর জামনগর শুরু হয় অনন্ত–রাধিকার প্রি–ওয়েডিং অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে অতিথি ছিল ১ হাজার ২০০ জন অতিথি। কমপক্ষে ১০০ জন শেফ ৫০০ আইটেমের খাবার তৈরি করেছিরেন। নাচ, গান আতশবাজিসহ নানা আয়োজন ছিল ওই অনুষ্ঠানে। বিশ্বখ্যাত সঙ্গীত তারকা রিহানা থেকে শুরু করে বলিউডের জনপ্রিয় সব তারকা ‘পরফর্ম’ করেছিলেন আম্বানি পুত্রের প্রি–ওয়েডিং অনুষ্ঠানে।
আরও উপস্থিত ছিলেন মার্ক জাকারবার্গ, বিল গেটস, ইভাঙ্কা ট্রাম্প ও তাঁর স্বামী জ্যারেড কুশনারসহ বহু ধনকুবের।
মে: ইউরোপীয় ক্রুজ পার্টি
আম্বানিরা একটি বিলাসবহুল চার্টার্ড জাহাজে চড়ে চার দিনের ইউরোপীয় ক্রুজে রওনা হয়েছিলেন। যাত্রাটি শুরু হয়েছিল সিসিলিয়ান শহর পালেরমো থেকে এবং শেষ হয়েছিল ইতালির রোমে। এই সফরে ব্যাপক গোপনীয়তা অবলম্বন করা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও ফাঁস হয়ে পড়ে। তাতে দেখা যায়, পিলবুট ও ডেভিড গুয়েটার কনসার্ট করছেন।
জুলাই ২–৫: গণবিবাহ এবং সঙ্গীত রজনী
ছেলের বিয়ে উপলক্ষে মুকেশ আম্বানি ও নীতা আম্বানি সুবিধাবঞ্চিত তরুণ–তরুণীদের জন্য গণবিবাহের আয়োজন করেন। গত ২ জুলাই মুম্বাই থেকে ৭০ মাইল দূরে পালঘর শহরে এ গণবিবাহের আয়োজন করা হয়েছিল। এতে ৫০টিরও বেশি বিয়ে সম্পন্ন হয়। নব দম্পতিদের সোনার অলঙ্কার উপহার দেওয়ার পাশাপাশি এক বছরের নিত্যপণ্য উপহার দিয়েছেন মুকেশ আম্বানি।
এর কয়েকদিন পর মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে ‘সঙ্গীত রজনী’ আয়োজন করা হয়। সেখানে বিখ্যাত সঙ্গীত তারকা জাস্টিন বিবার পারফর্ম করেন।
জুলাই ৮: হালদি অনুষ্ঠান
গত ৮ জুলাই অনন্ত ও রাধিকার জন্য ‘হালদি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি ভারতীয় উপমহাদেশের বিয়ের একটি ঐতিহ্যবাহী আচার। এই অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাওয়া বর ও কনের মুখমণ্ডলে হলুদ লাগিয়ে তাঁদের পরিবারের লোকজন ও কাছের বন্ধু–বান্ধব–আত্মীয় স্বজনেরা আশির্বাদ করে থাকে।
জুলাই ১২: শুভ বিবাহ
আজ ১২ জুলাই শুক্রবার ১৬ হাজার মানুষের ধারণ ক্ষমতাসম্পন্ন জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে অনন্ত ও রাধিকার বিয়ের অনুষ্ঠান।
হিন্দু রীতিনীতি মেনেই শুভ বিবাহ সম্পন্ন হবে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বরযাত্রীরা একত্রিত হয়েছেন বিকেল ৩টায় এবং প্রসেশন করে পৌঁছে গেছেন বিবাহবাসরে। এরপর রাত ৮টায় হবে মালাবদল। বিবাহের লগ্নবিধি অনুযায়ী রাত সাড়ে ৯টায় হবে বিয়ে। সেখানেই সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা।
জুলাই ১৩: শুভ আশির্বাদ
অনন্ত–রাধিকার বিয়ের অনুষ্ঠানসূচি থেকে জানা গেছে, আগামীকাল শনিবার নবদম্পতির জন্য আয়োজন করা হবে ‘শুভ আশির্বাদ’ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রবীণ ও বয়জ্যেষ্ঠদের কাছ থেকে আশির্বাদ নেবের নব দম্পতি। ঐতিহ্য অনুযায়ী এ অনুষ্ঠানে নব দম্পতি করিডর ধরে হেঁটে যান এবং তাঁদের ওপর চাল ও গোলাপের পাঁপড়ি ছুড়ে মারা হয়।
জুলাই ১৪: সংবর্ধনা
আগামী রোববার বিবাহ–উত্তর সংবর্ধনার মাধ্যমে শেষ হবে বহুল আলোচিত এই বিয়ের অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে বলা হচ্ছে ‘মঙ্গল উৎসব’। আন্তিলিয়াতে আম্বানিদের বাসভবনে এ অনুষ্ঠান হবে বলে জানা গেছে।