আইসিইউতে ভর্তির খবরকে গুজব বললেন রতন টাটা

গুরুতর অসুস্থ হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় শিল্পপতি রতন টাটা—এমন একটি খবর গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, রতন টাটার রক্তচাপ ভয়ানকভাবে কমে গেছে। তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তবে এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন রতন টাটা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার রতন টাটা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার শারিরীক অবস্থা নিয়ে প্রচারিত গুজবের ব্যাপারটি আমার নজরে এসেছে। আমি সবাইকে আশ্বস্ত করছি, খবরটি ভিত্তিহীন। বয়সজনিত কারণেই আমাকে নিয়মিত স্বস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তবে আমি ভালো আছি।’

৮৬ বছর বয়সী প্রবীণ এই শিল্পপতি আরও লেখেন, ‘আমি গণমাধ্যমসহ সর্বস্তরের মানুষকে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি। আমাকে নিয়ে ভাবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

একই পোস্ট তিনি তাঁর এক্স হ্যান্ডেলেও প্রকাশ করেন।

শিল্পপতি, মানবতাবাদী, জনহিতৈষী এবং জাতীর অনুকরণীয় ব্যক্তিত্ব রতন টাটা হচ্ছেন জামশেদজি টাটার প্রপৌত্র। তিনি একটি ছোট ব্যবসা থেকে অটোমোবাইল, মহাকাশ, প্রতিরক্ষা, তথ্য প্রযুক্তি, ইস্পাত, রিয়েল এস্টেট, আর্থিক পরিষেবা ও বিনিয়োগ, বিমান চলাচল, ই-কমার্স এবং পর্যটন খাতে ব্যবসা সম্প্রসারিত করেছেন।

রতন টাটা ১৯৯১ থেকে ২০১২ এবং ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুইবার টাটা গ্রুপের চেয়ারপার্সন ছিলেন। বহু বছর ধরে তিনি আর টাটা গ্রুপের কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত নেই। তবে তিনি টাটা গ্রুপের দাতব্য ট্রাস্টের প্রধান হিসেবে এখনো কাজ করছেন। 

২০০৮ সালে রতন টাটা ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্মবিভূষণে ভূষিত হন। এ ছাড়া ২০০০ সালে তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন।